কত গহীনে যে ডুবে যাই প্রতিক্ষণ
বুঝে না তা বোধহীন মন
সত্য এই যে কেউ বোঝে না কারও ব্যথা
বিকৃতি দেখে দেখে শুধু অসার হয় প্রশান্ত মন।
কার যে স্বপ্ন ভাঙ্গে নিত্য হাহাকারে
তবু কেউ সাড়া না দেয় বিধ্বংসী চিৎকারে।
তোমার আমার শত্রু শত্রু খেলা
তোমার স্বপ্ন নিভে যাবে আমার ফুৎকারে।
কোন কোন সময় ঘ্রাণশক্তি কমে যাওয়া ভালো
কখনও কখনও চোখের দৃষ্টি ঘোলা হওয়া ভালো
তার চেয়েও ভালো, চোখ থাকতেও না দেখা
ডুব সাঁতারে নিজেকে লুকানো আরও ভালো।
তুমি যদি অরণ্যে হারাতে পার
আমি কেন অতল জলে নয়?
আমি বুঝতে পারি পাল্টে গেছে
আমাদের চির পরিচিত সময়।
তুমি ভেসেই থাক, থাক প্রবাহমান
দীর্ঘ হও ছায়ার সমান
তারপর একদিন চোখে মেলে দেখবে
মরে গেছে ছায়া, তুমি নও আয়ুষ্মান।
