সামান্য আশা -মোঃ বদিউজ্জামান
খুব সামান্য প্রত্যাশা আমার
অতি সামান্য আশা
অসংখ্য তারাভরা আকাশের নীচে
একটি শীতল রাত আনন্দস্রোতে ভাসা।
একটি বুনো পাহাড়, বুনোফুলে ভরা
উড়ে ফেরা অগণিত প্রজাপতির ডেরা
বয়ে চলা ঝর্ণার কুলকুল ধ্বনি
সেখানে ঋষির মতো তন্ময় এই আমি
আমার হৃদয় মন আনন্দে আত্নহারা।
আমার সামান্য প্রত্যাশা
অতি সামান্য আশা
কোজাগরি পূর্ণিমায়
তোমার সাথে জ্যোৎস্নালোকে ভাসা।
সামান্য আশা আমার
ঝিঁঝিঁডাকা বন প্রান্তরে
নীরব হেঁটে চলা
আত্মমগ্ন এই আমি,
নিজের সাথে নিজের কথা বলা।
