হৃদয়ে জমানো কিছু কথা নিয়ে অপেক্ষায় আছি
দিন-রাত কেটে যায়, অপেক্ষা ফুরায় না
স্থবির সময় কাটে না, মুহূর্ত যেন অনন্তকাল
অপেক্ষা ও সময়ের কাছে এ জীবন মুহূর্তকাল।
হৃদয়ের কথামালা ফুটতে থাকে বারুদের মতো
আমি পাথর চাপা দিয়ে রাখি
ভূঅভ্যন্তরে সাজানো শিলাস্তরের মতো
যেন চড়ুই পাখির মতো ফুরুৎ করে পাখা না মেলে।
বহুবার বলতে চেয়েছি হৃদয়ের কথামালা
তুমি করেছো অজস্র অবহেলা
কথার মতো সামান্য কিছুকেও
অজানা শঙ্কায় ভেবেছো বারুদের জ্বালা।
কথার ফেরি নিয়ে ঘুরতে ঘুরতে
ঘর্মক্লান্ত এই আমি বুঝেছি
কথাও হৃদয়ে রক্তনদীর বান ডাকায়
কথাতেও ভালোবাসার ভরানদী শুকায়।
কথার ফেরি নিয়ে ঘুরতে ঘুরতে
পরিশ্রান্ত এই আমি বুঝেছি
সব সময় কথা বলার সময় নয়
সময়ে কথারও অর্থ বদলে যায়।