স্বদেশ তুমি -মোঃ বদিউজ্জামান

লক্ষপ্রাণের রক্ত ঋণে
জন্ম আমার স্বদেশ ভূমি
তোমার রক্তচরণ করে স্মরণ
নিত্যদিনের সূর্যচুমি।
হাজার তিমির রাত্রি শেষে
এসেছ তুমি উষ্ণ হেসে
স্বদেশ আমার, জননী আমার
থাকবে তুমি রক্তে মিশে।

জীবন চলার পথ -মোঃ বদিউজ্জামান

বৃত্ত ভাঙ্গতে ভাঙ্গতে পাঁজর ভেঙ্গে যায়
তবু প্রতিজ্ঞা ভাঙ্গে না, তবু পিছন টানে না
জীবন ঘষে আগুন জ্বালানোর পণ
তবু কখনো থামে না।
মুক্তির সিঁড়ি ভাঙ্গার সাধ
যদি বৃত্তের পরিধিতে থেমে যায়
তবে জীবনের তৃষ্ণারা শুকিয়ে যায়
সেই শুষ্কতায় জীবন মরে যায়।
হাঁটব, ব্যাথাভরা টনটনে পায়ে হাঁটব
না হয় বুকে ক্রলিং করে বন্ধুর পথ পাড়ি দেব
জীবনকে তবু থামতে দেব না
রক্তের দামে হলেও জীবনকে জিতিয়ে নেব।
জীবন জেতার খেলায় আমি অপরাজিত খেলোয়ার
জীবন বসন্ত, জীবন লক্ষ ফুলের বাহার
ফুলের মতো কিছু মূহূর্ত ঝড়বে জীবনের
আবার কিছু মূহূর্ত আনবে বিস্ময় অপার।

আগমন প্রত্যাশায় – মোঃ বদিউজ্জামান

আকাশ হতে আসে বুঝি ঐ
কোনো ঐরাবত নেমে
বুঝি বা তার বজ্রাঘাতে যুদ্ধ যাবে থেমেে
আশায় আশায় আমি থাকি,
আসে বুঝি কোনো ধ্বংসের পাখি।
নাহ! আমার আশা, আমার প্রার্থনা বিফল হয়ে যায়
কাতর প্রার্থনার বাণী শূন্যে মিলায়
আকাশ পথে ভেসে আসে অগ্নিবল
পুড়িয়ে ছাড়খার করে জলস্থল।
একটি দিনে বিনাশ পাঁচশো প্রাণ
নারী, বৃদ্ধ, শিশু,নওজোয়ান
রক্তের হোলি খেলে ইসরাইল
নরকের আগুনে জ্বলে ফিলিস্থিন।
আকাশ পথে নামে শুধু অগ্নিবল
ধ্বংসের আগুনে পড়ে ফিলিস্থিনের জলস্থল
নিপীড়িত মানুষের মুক্তি আসে
মানুষ যদি দাঁড়ায় মানুষের পাশে।

পরিচয় সংকটে মানুষ মোঃ বদিউজ্জামান

আমাদের আর নেই কিছু কাজ
পাশা খেলি, করি ডলাডলি
করি দলাদলি, গালাগালি
মানুষের বিবেক খন্ডিত আজ।
যুদ্ধ যুদ্ধ খেলায় মরে নিরিহ মানুষ
যারা মারে তারাও মানুষ
মানুষ আছে পরিচয় সংকটে
মানুষ মেরে মানুষের দিন কাটে।
মানুষ অসহায়, বড় অসহায় আজ
মানুষের নেই বড় কোনো কাজ
মানুষের কেহ নেই, কেউ নেই যে আজ
মানুষ যাবে কার কাছে?
মোড়লেরা সব শয়তানের দাস
মানুষের দ্বারা মানুষের হয় সর্বনাশ
অবুঝ শিশুর মুখে প্রভুর নাম
নীরব প্রভু, নীরব মানুষ
মানুষের কাছে কী আছে মানুষের দাম?