আঁধারের বৃত্তবলয় -মোঃ বদিউজ্জামান

হারিয়ে যাওয়া মেঘকে কে মনে রাখে?
রঙধনুকে কেই কেউ মনে রাখে
রঙের বাহার তুমি ছিলে সপ্তরঙা রাণী
তোমাকে রেখেছি মনে হে স্বপ্নচারিণী।
কার বাহুলগ্না হয়ে আছো তুমি
সুদূরের কোনো পরবাসে
হাসির ফোয়ারা তুমি,তোমার খিলখিল হাসি
ছন্দমধুর মুর্ছনা হয়ে মোর কানে ভাসে।
মানুষ হারায় স্বার্থে কিংবা জীবনের প্রয়োজনে
হারায় প্রীতি ভালোবাসা জীবনের আয়োজনে
তুমিও হারিয়েছো বিপুল প্রাপ্তির প্রলোভনে
আজও কাঁদে অবুঝ হৃদয় স্বপ্নঘোর নিরজনে।
সাগরে মিলায় যে স্রোত, আসে না ফিরে
সময়ের স্রোতে ভাসা প্রেম, সেও কেঁদে ফিরে
স্বপ্নে আসো ফিরে হে রাণী, স্বপ্নচারিণী
তোমাকে ভুলিনি আমি, ভুলতে পারিনি।

ছোবল -মোঃ বদিউজ্জামান

বর্ণচোরা গিরগিটি
লুকায় পাতার আড়ালে
শত্রু মেলে সহজেই
খোলা হাতটা বাড়ালে।
ঘুরে ঘুরে মানুষ খুঁজি
গ্রাম নগর ঘুরে ঘুরে
মানুষ তুমি মানুষ আছো
বুঝব আমি কেমন করে?
সাপের না হয় ফণা আছে
যায় যে চেনা সহজে
মানুষ তোমায় বুঝি কেমনে
যা কহ তা সত্য যে!
হায়রে মানুষ হিংসা ফণায়
দিচ্ছ ছোবল যখন তখন
বুঝতে না চাও সৃষ্টি বেদন
কেমন কঠিন রক্তহরণ!
অন্ধকারের গুহায় লুকাও
নষ্ট করে সভ্যতা
পথ হারিয়ে পথটি খোঁজো
হায়রে মানুষ!
একি তোমার মানবতা!

অন্ধকারের গহ্বরে -মোঃ বদিউজ্জামান

নাচের পুতুল নাচবে জানি
নটির বেশে নাচবে
হরেক রকম রঙ মাখিয়ে
নানান ঢঙ্গে সাজবে।
সাজবে তুমি তাও তো জানি
অর্ডারি সাজ সাজবে
নিজের হিসাব ছেড়ে তুমি
প্রভুর হিসাব এ মজবে।
ছলের খেলার কলের পুতুল
আচ্ছা মতো সাজো
কত রঙে মজবে তুমি
আচ্ছা মতো মজো।
সময় ঘুড়ি সুতা কাটা
ইচ্ছে মতো চলে
আমরা দুলি দোলাচলে
সময় বাবু, সত্য কথা বলে।
যাদুর খেলার যাদুকরে
খেলায় যাদুর খেলা
বুঝবে তুমি সবই বন্ধু
ফুরিয়ে গেলে বেলা।
অন্ধকারের গহ্বরে দেখছি খেলা যত
দেখছি ভেবে খেলার ছলে
ডুবছি আমি তত
বন্ধু তুমি হাতটি বাড়াও
ডাকো দীর্ঘ স্বরে
তুলে ধরো সত্যি করে
আবার তোমার করে
আবার তোমার করে।

হারিয়ে যাওয়া -মোঃ বদিউজ্জামান

হারিয়ে যাওয়া দোষের নয়
তবে, হারিয়ে যাওয়া বেদনার
কত কিছুই তো হারায়
সময়, ভালোবাসা, খুনসুটি, ঘৃণা
বন্ধুত্ব, সময়, তিক্ততা, মুর্ছনা, গভীর চুম্বন
এমনি কত কিছুই তো হারায়
কত কিছুই তো অনন্তে বিলীন হয়
তবু স্মৃতির ঝাড়বাতি হয়ে তারা থেকে যায়।
স্মৃতিতে থাকা মানে স্মরণে থাকা
স্মরণে থাকা স্বর্গীয় বিষয়
স্মরণে থাকা ফুলের মতো
ফুলটি হারিয়ে যায়
কিন্তু সৌরভ রয়ে যায়
অজানা কোনো খানে
ফিরে ফিরে আসে কোন সুখের সময়
কোনো বিষন্নতায় কিংবা কোনো রোদনমুহূর্তে।
স্মৃতির আয়ু জীবনের মতো দীর্ঘ
আমি তাকে মঞ্জুরীর মতো
ভাবনার অথৈ সাগরে জমা করে রাখি
হৃদয় রক্তাক্ত হলে তাকে মেলে দেখি
ঠিক আছে কিনা তার সুগন্ধ!
জানি,পৃথিবীকে বিদায় বলতে হবে কোনো একদিন
আমাদের পথ হবে আলাদা
আমার জীবন প্রবাহিত হবে অজানায়
আপনাদের জীবন নিজ নিজ ঠিকানায়
আগামীকাল আমাকে কোথায় নিয়ে যাবে
তা অজানা
ভবিষ্যত কী মজুদ রেখেছে তাও অনিশ্চিত
তাই যা কিছু পাই স্মৃতির ঝুড়িতে রেখে দেই
সময়ে সময়ে স্মৃতির ঝাঁপি খুলে
নেড়েচেড়ে দেখি সব ঠিক আছে কিনা।
এই তো জীবন, বেঁচে থাকা না থাকার দ্বন্দ্ব
সময় গড়ায়, জীবন বয়ে যায়
অনন্ত অচেনায়, অজানায়
ঝাঁপসা হয়ে আসে স্মৃতির চোখ
জীবন মিলায় শূণ্যতায়
স্মৃতিরাও গতস্যজীবনের সাথী হয়
হারায় অনন্ত নীলিমায়, অজানায়।