হারিয়ে যাওয়া -মোঃ বদিউজ্জামান

হারিয়ে যাওয়া দোষের নয়
তবে, হারিয়ে যাওয়া বেদনার
কত কিছুই তো হারায়
সময়, ভালোবাসা, খুনসুটি, ঘৃণা
বন্ধুত্ব, সময়, তিক্ততা, মুর্ছনা, গভীর চুম্বন
এমনি কত কিছুই তো হারায়
কত কিছুই তো অনন্তে বিলীন হয়
তবু স্মৃতির ঝাড়বাতি হয়ে তারা থেকে যায়।
স্মৃতিতে থাকা মানে স্মরণে থাকা
স্মরণে থাকা স্বর্গীয় বিষয়
স্মরণে থাকা ফুলের মতো
ফুলটি হারিয়ে যায়
কিন্তু সৌরভ রয়ে যায়
অজানা কোনো খানে
ফিরে ফিরে আসে কোন সুখের সময়
কোনো বিষন্নতায় কিংবা কোনো রোদনমুহূর্তে।
স্মৃতির আয়ু জীবনের মতো দীর্ঘ
আমি তাকে মঞ্জুরীর মতো
ভাবনার অথৈ সাগরে জমা করে রাখি
হৃদয় রক্তাক্ত হলে তাকে মেলে দেখি
ঠিক আছে কিনা তার সুগন্ধ!
জানি,পৃথিবীকে বিদায় বলতে হবে কোনো একদিন
আমাদের পথ হবে আলাদা
আমার জীবন প্রবাহিত হবে অজানায়
আপনাদের জীবন নিজ নিজ ঠিকানায়
আগামীকাল আমাকে কোথায় নিয়ে যাবে
তা অজানা
ভবিষ্যত কী মজুদ রেখেছে তাও অনিশ্চিত
তাই যা কিছু পাই স্মৃতির ঝুড়িতে রেখে দেই
সময়ে সময়ে স্মৃতির ঝাঁপি খুলে
নেড়েচেড়ে দেখি সব ঠিক আছে কিনা।
এই তো জীবন, বেঁচে থাকা না থাকার দ্বন্দ্ব
সময় গড়ায়, জীবন বয়ে যায়
অনন্ত অচেনায়, অজানায়
ঝাঁপসা হয়ে আসে স্মৃতির চোখ
জীবন মিলায় শূণ্যতায়
স্মৃতিরাও গতস্যজীবনের সাথী হয়
হারায় অনন্ত নীলিমায়, অজানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *