দহনের সুখ -মো. বদিউজ্জামান
কী আর পোড়াবে তুমি? র্কীর্তি আর নাম?
ও সব আমার নেই কিছু আর
তোমার জন্য হৃদয় খুঁড়ে খুঁড়ে সব গেছে, সব
কী আর পোড়াবে তুমি, প্রিয়তমা আমার?
সময়ের করুন যাতনায় কত যে দগ্ধ আমি!
তা জান না তুমি,জানেন অন্তর্যামী
সময় যেতে যেতে কত কিছু যে কেড়ে নেয়
এ শূন্য হৃদয় তা জানে, জান না শুধু তুমি।
তবু পোড়াতে যদি চাও, পোড়াও
যে সোনা পুড়ে পুড়ে খাঁটি
তাকেও পুড়িয়ে সুখ পেতে চাও?
হায় রে মানব হৃদয়! এও বুঝ না
কিসে সুখ আর কিসে সুখ নয়।
সময়ের নদী ধরে চলতে চলতে
পৌঁছে যাব আমি কাঙ্খিত বন্দরে
তুমি আর কত দূর যাবে?
ক্লেদ, ঘৃণা আর জিঘাংসা নিয়ে অন্তরে?
