আহা জীবন -মোঃ বদিউজ্জামান

জীবন বিপুল বিশাল উপহার
কত রঙ কত বাহারের সমাহার
জীবন, কোটি কোটি বছরের রুপান্তর
জীবন কোনো মরুভূমি নয়,
জীবন শষ্যশ্যামল প্রান্তর।
কত ফুল ফোটে কত ফুল ঝরে
কত আশা আশাহীনতায় মরে
তবুও জীবন আশার সাগরে
ঝড়-ঝঞ্ঝা মৃত্যুর সাথে অকাতরে লড়ে।
জীবনের প্রাপ্তি হারায় অপ্রাপ্তির বেদনায়
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব বুঝে ক’জনায়
নক্ষত্রের মতো জীবনও ছুটে চলে
ছুটতে ছুটতে জয়-পরাজয়ের গল্প বলে।
আহা জীবন! তোমার তরে কত না আয়োজন
নিঃশ্বাসবিহনে মিলায় যত সব প্রয়োজন,
আহা জীবন! মহাকালের কাছে তোমার প্রস্থান
তবু তোমার তরে কত না আয়োজন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *