প্রেয়সী তুমি,তবু আনন্দে বাঁচ -মোঃ বদিউজ্জামান
ভাঙ্গনে এত কেন ভয় তোমার?
সব সম্পর্ক ভাঙ্গে, চলে কত কিছু
থামে সব কিছু, সময় হলে থামার
সত্য আলোকে প্রেমকে দেখে নাও বার বার।
সৈকতে ঢেউ এসে ফিরে যায়
আবার ফিরে এসে চুমো খায়
আবার ফিরে যায় নিজস্বতায়
জীবনের সম্পর্ক ভিন্ন কিছু নয়।
স্বর্গ থেকে আসে যাহা ফিরে স্বর্গ পানে
জীবন মিলে জীবনের আহ্বানে
সময়ের ঘুর্ণিটানে ছুটে যায় বন্ধন
জীবন, সে তো হাসি উল্লাস নীরব ক্রন্দন।
ভাঙ্গনের সিঁড়ি বেয়ে সৃষ্টি উত্থান
ভাঙ্গনে ভীত নয় সৃষ্টিশীল প্রাণ
জেগে রও প্রিয় তুমি সৃষ্টিমগ্নতায়
জীবন নাচুক,তুর্য নাচনে,সৃষ্টি বিমুগ্ধতায়।
