শূণ্যতার বেদনা -মোঃ বদিউজ্জামান
যাবেই তো তুমি, সময়ের মতো নীরবতায়
প্রেমকে চিরতরে কে পেয়েছে? কবে? কোথায়?
ক্ষয়ে যাওয়া হৃদয়ে কত দাগ থেকে যায়
প্রেম, কর্পুরের মতো ধোয়া হয়ে নীলিমায় মিলায়।
কাদাখোঁচা পাখিরা এই হৃদয়ে বাসা বেঁধেছিল
কত ছানাপোনা নিয়ে কত কত কলরব যে তারা তুলেছিল!
তারপর একদিন হৃদয়মাটি ছেড়ে কোথায় যে উড়াল দিল!
আর্তহৃদয় নীলবেদনায় কত যুগ তবু যে পাড়ি দিল।
গাছের কোটরের মতো হৃদয় কোটরে
দুটি নাম না জানা পাখি বাসা বেঁধেছিল
তাদের প্রেমের গীতি শুনে শুনে
আমার দুঃখ রজনীর অবসান হত।
কোন এক রাঙা ভোরে সেই যে তারা
নীল আকাশে ডানা মেলে অজানা কোন দিগন্তে
নতুন কোনো সম্ভাবনার পথ বেছে নিল
বিক্ষত হৃদয় তাও মেনে নিল।
হৃদয় শূণ্য হতে হতে এখন মরা চর
সব খুইয়ে সে শিখেছে কেউ নয় আপনপর
সব হারায় এই ভূবনে
শূণ্যতার বেদনায় পড়ে থাকে বিশ্বচরাচর।
