নিঃসঙ্গ চিল -মোঃ বদিউজ্জামান
নিঃসঙ্গ এক চিল ডানা মেলে
একা একা উড়ছে আকাশের বুকে
দিক থেকে দিকে, দিগন্ত থেকে দিগন্তে
ঠাঁই খুঁজে ফিরছে সে পৃথিবীর প্রান্তে।
শূণ্য থেকে চেয়ে চেয়ে দেখে সে
ফাঁদ পাতা পৃথিবীর বাঁকে বাঁকে
ফাঁদ পাতা পৃথিবীর মাঠে মাঠে
পাহাড়, নদী, উপত্যকার ঘাটে ঘাটে।
পৃথিবী জুড়েই শুধু ফাঁদের খেলা
মানুষের তরে মানুষ ফাঁদ পাতে
বিলাসে, আনন্দে প্রতিশোধের নিষ্ঠুর হিংস্রতায়
চিলের জন্য শান্তি! এই পৃথিবীতে সে কোথায়?
বন-বনানী, সাগর, নদী, মাঠঘাট ঘেঁটে
চিল ছুটে চলে সীমানা ছাড়িয়ে অসীমের বুকে
শিকারীর হিংস্র চোয়াল তার তীক্ষ্ণ চোখে ভাসে
এখানে জলাঙ্গীর পাড়ে বসতি গড়ার আশা
নিরাশার তীর হয়ে তার বুকে ফিরে আসে।
ক্লান্তি, নিরাশার বেদনাভারে উড়ে উড়ে সে
চেনা আকাশ পেরিয়ে নামে অচেনা আকাশে
চোখে তার চেনা আকাশের ঠিকানা ভাসে
মানুষ কোথায় যাবে যখন ঘণ অন্ধকার
ক্রমেই তার চেনা পৃথিবীকে গ্রাসে?
যখন মানুষ, মানুষের ভবিষ্যত নাশে।
