হৃদয় চুরির খেলা -মোঃ বদিউজ্জামান

কত কিছুই তো চুরি হলো
কত কিছুই তো পড়ে গেল জীবন থেকে
কত কিছুই তো পড়ে গেল মন থেকে
কত কিছুই তো পড়ে গেল হাত ফসকে।
হৃদয়ে ধরতে ধরতেই কত কিছুই তো
ঝরে গেল শুকনো পাতার মতো
হাতের মুঠোয় একমুঠো মেঘ ধরার মতো
পানির অতলে আরেকটু নিশ্বাস ধরার মতো।
কতবার হৃদয় চুরির খেলায় মেতেছি
অজস্রবার চেয়েছি হোক না হৃদয়খানি চুরি
হৃদয়ে হৃদয় মিলিক, খুশির ঝিলিক তুলে
হৃদয়ে আনন্দ হিল্লোল জাগুক না
যাক না হৃদয়াবেগ বরফের মতো গলে গলে
ছুটে যাক, মিশে যাক সেই কাঙ্খিত হৃদয়পানে।
নাহ! হয়নি সে স্বপ্নপূরণ
স্বপ্নরাই বরং উড়ে গেছে
বৈশাখী মেঘের মতো তান্ডব তুলে
বেদনাসিক্ত হৃদয়ে স্বপ্নচাষে তাল দিয়েছি আবার
অপ্রাপ্তির করুণ বেদনা ভুলে।
সত্যি কি তাই?
বেদনা কি সত্যিই ভোলা যায়?
ক্ষত হৃদয় কী সত্যি বেদনা ভোলে?
প্রেম কী বাঁচে না বঞ্চনায়?
এই দুঃখ, বেদনা আর হৃদয় চুরির জীবন
কতকাল ধরে বয়ে চলে
ইচ্ছায়, অনিচ্ছায়, বেগে, ধীরে
কত শোক,তাপ,বঞ্চনার ভীড়ে।
যে হাত ধরে বাঁচি সে হাত হয়তো চাইনি
যে প্রেম নিয়ে বাঁচি হয়তো সে প্রেমও আমাকে চায়নি
তারপরও এই বেঁচে থাকা, এই হাত ধরাধরি
জীবন কেবলই কি খেলা? শুধুই হৃদয় চুরির?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *