বিভ্রান্তির ধোঁয়াশা -মোঃ বদিউজ্জামান
যে পাখি উড়ে দিকচক্রবালে
ছাড়িয়ে চেনা আকাশ, নিঃসীম নীলিমায়
হয়তো সে দেখে অনেক দূর
উচ্চতায় দৃশ্যমান যতটা দেখা যায়।
দেখার সুখও দুঃখ হয়ে যায়
যদি সে চেনাপথও হারায়
সে শুধু উড়ে, উড়েই শুধু
সীমাহীন শূণ্যতায়।
অহংকারের অন্ধকার গুহায়
আমি হেঁটেছি অনেকটা পথ
ছিঁড়েছে হৃদয়ের সুরযন্ত্র
শুনেছি কত তন্ত্রমন্ত্র
বিফল হয়েছে সব
অহংকারের অন্ধকার গুহায়।
প্রতিদিনের অর্জিত ক্ষত
ভেঙ্গেছে পাঁজর অবিরত
হামাগুড়ি দিয়ে চলেও
হয়নি গন্তব্যে পৌঁছা
উচ্চতার নেশায়
উড়ার নেশায়
পুড়েছি আমি পতঙ্গ
হয়নি ঠাঁই চেনা পৃথিবীতে
মিথ্যার কাছে আমি হেরেছি
দেখেছি মিথ্যার যত রঙ্গ তরঙ্গ।
থামতে জানাও জীবনের সূত্র
কিন্তু জীবনের কী এক খেলা!
শূণ্যতার সিঁড়ি বেয়ে শীর্ষে উঠার
কী এক বিপুল আয়োজন!
অতঃপর কক্ষচ্যুত উল্কার আগুন
নিমিষেই নিশ্চিহ্ন নিঃসীম আঁধারে
সময় সত্য জানে
ক্ষমা করে না কাহারে!
