৭৭ বছরের রক্ত প্রবাহ -মোঃ বদিউজ্জামান

সংখ্যা নিয়ে খেলাই আমার কাজ
দিনরাত সংখ্যা মিলানো
কখনো কখনো তন্দ্রা ঘোরেও
বাজেট কত?
খরচ কত?
খরচের নামে চুরি কত?
কী যে এক চাকরি!
সংখ্যার হিসাব অবশ্য চিরন্তন
মার্টিন লুথার কিং এর ভাষণেও তা থাকে,
লিংকন, গান্ধী, নেহেরু, সুভাষের ভাষণেও থাকে
আর যেন কী বলব?
কি যেন বলব? ভুলে যাচ্ছি কেন?
সময় অনেক কথা ভুলিয়ে দেয়
আহা সময়, ক্ষমা কর হে আমায়।
আহা সময়,
তোমাকে নিয়ে আমার কম দুঃখ নয়
অবশ্য সে দুঃখ
ফিলিস্তিনীদের দুঃখের সমান দীর্ঘ নয়।
ফিলিস্তিনীদের দুঃখের নদী
রক্তের নদী, অশ্রুর নদী
যেন শেষ হবার নয়
আচ্ছা ঠিক কত রক্ত ঝরলে
একটি রক্তের সাগর হতে পারে
কেউ কি আপনারা বলতে পারেন?
কেউ কি বলতে পারেন
ঠিক কত অশ্রু হতে পারে
একটি সাগর জলে?
আমার অবশ্য ধারনা নেই
ক্যালকুলেটরে রক্তের হিসাব নিকাশের
কোন সংখ্যা নেই তো, তাই।
আচ্ছা ভদ্রমহোদয়গণ,
আপনাদের কাছে আমার জানতে ইচ্ছে করে
ফিলিস্তিন ছাড়া আর কোন জাতি কি
৭৭ বছর রক্ত, অশ্রু,আর প্রাণ দিয়েছে
নিজ বাসভূমির জন্য?
কি যে বিক্ষিপ্ত চিন্তা আমার!
আমার জানতে মন চায়,
হিটলার আর সাদা শয়তানটার তফাৎ কী?
বুঝতে পারেননি তাই তো!
আরে ওই যে, শতাব্দীর সবচেয়ে বড় ঘাতক
সেই সে যাযাবর শয়তান
যার ঘাড়ে চড়ে আছে আরও
শত শয়তান।
৭৭ সংখ্যাটাও বেশ
বেজোড় সংখ্যা
শুনেছি সৃষ্টিকর্তা নাকি
বেজোড় সংখ্যা পছন্দ করেন
তা তিনি বেজোড় সংখ্যার ক্রম
আর কত বৃদ্ধি করবেন?
পৃথিবীবাসীই আর কত দেখবে
সংখ্যার ক্রমানুপাতিক বৃদ্ধি?
আবার মাথাটা চক্কর দিয়ে উঠল,
কি সব যে চিন্তা আসে মাথায়!
কোন কোন সময় কী
পৃথিবীর সব শুদ্ধ বিবেক মরে যায়?
যায় হয়তো, হয়তো মরে যায়
না হলে ৭৭ বছরেও মানুষের বোধ হয় না
এ কেমন পৃথিবী? এ কেমন সভ্যতা?
এ কেমন মানবতা? এ কেমন মোড়লপনা?
আহা ! মোড়লরা ভেবেছো
এমনি চলবে বুঝি অনন্তকাল
তাই কী কখনো হয়?
অন্ধকারের বুক ফুঁড়ে একদিন আসবে
আসবেই রক্তরঙে রাঙা প্রভাত
সভ্য মানুষের শুভ্র সকাল
সৃষ্টি হবে মানুষের পৃথিবী
সাক্ষী রবে মহাকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *