ভুলেছি কী তোমায় -মো. বদিউজ্জামান

ভেবেছ কত দিন লিখিনি
তাই বুঝি ভুলে গেছি তোমায়
তা কী করে হয়?
যে প্রেম অন্তরে শাশ্বত জেগে রয়
তাকে কি করে ভুলে যাওয়া যায়?
শীত শেষে আসে বসন্ত
গাছে গাছে আসে নতুন কিশলয়
শীতে শীর্ণ গাছের মতোই
আমাদের প্রেম হৃদয়ে অব্যক্ত রয়।
লক্ষকোটি নক্ষত্র ছুটে চলে
আমাদের জানা ও দেখার অলক্ষ্যে
প্রেমের প্রবাহ, হৃদয়ে প্রেমসুধার স্রোত
নিরিবিলি বয়ে যায়
খোলা চোখে কে তারে দেখিতে পায়?
পৃথিবী এখন মারণাস্ত্রে শাসিত
হৃদয়ের শাসন এখন স্বপ্ন কথা
তবু আমাদের হৃদয় হৃদয়ের বন্ধনে জড়ায়
তবু মানুষ মানুষের পাশে দাঁড়ায়।
তোমায় লিখিনি যে তা তো নয়
দুটি হৃদয়ের ভালোবাসা গুচ্ছ করে লিখেছি
ফিলিস্তিনের অভুক্ত নারী শিশুর কাছে
যখন তারা আগুনে পোড়ে, অকালে মরে
আর পৃথিবীর কোটি কোটি মানুষ শান্তিতে ঘুমায়।

মানুষ হওয়ার লজ্জা -মোঃ বদিউজ্জামান

বন্যতার খেলা দেখে দেখে ক্লান্ত আমি
যে দিকে তাকাই বন্য শ্বাপদের হিংস্রতার তান্ডব
পৃথিবী এখন বন্য ও হিংস্রদের দখলে
মানুষ সভ্য হয়েছে! পৃথিবীর অগ্রগতি হয়েছে!
কে বলে? কে বলে? কে বলে? কে বলে?
হিটলারের পতন হয়েছে!
মুসোলিনীর পতন হয়েছে!
কে বলে? কে বলে? কে বলে? কে বলে?
পৃথিবী এখন নব্য হিটলার, মুসোলিনীর দখলে।
প্রত্যেক একক মানুষ দুর্বল
প্রত্যেক একক দেশ দুর্বল
তাই গড়ে উঠেছিল জাতি সমূহের সঙ্ঘ
সেই সঙ্ঘ এখন বিশাল রসিকতা,
সেই সঙ্ঘ এখন বন্য হিংস্রদের নাট্যরঙ্গ।
মানুষের দেহ বাতাসে উড়ে
যেন সহস্র পাখির মিছিল
হে কর্ণধর! জাতিসঙ্ঘের কর্ণধার!
তোমাদের দৃষ্টি কী অন্ধ?
তোমরা কী এতই বক্ষিল!
মানুষের জন্য মানুষ
এই আপ্তবাক্য এখন শুধুই নাঙ্গা
মানুষ শুধু মানুষ আছে বাহিরে
ভেতরে ভেতরে মানুষ আর না।
আবাবিল পাখিরা জিঞ্জিরবন্দি
মনুষ্যত্ব হয়েছে বাণিজ্যবন্দি
সব সঙ্ঘ ইবলিশের দখলে
ফিলিস্থিনীদের কথা কে বলে?
কাকেদের মিছিল দেখে
আমি মরমে মরে যাই
মানুষের জন্য মানুষের প্রতিবাদের ভাষা নেই
এমন মানুষ হওয়ার লজ্জায়, আমি মরে যাই
মানুষ হওয়ার লজ্জায়, আমি মরে যাই।

ঐক্যমত -মোঃ বদিউজ্জামান

বসন্তের মাতাল হাওয়া
শীতের হিমেল হাওয়া
এক নয়, তোমার আমার চোখে
কারণ, আমাদের নেই ঐক্যমত।
মহুয়ার ঘ্রাণ, জ্যোৎস্নার বান
রবির কিরণ,কৃষ্ণ বরণ
তোমার আমার চোখে ভিন্ন
কারণ, আমাদের দৃষ্টিভঙ্গি নয় অভিন্ন।
কোজাগরী পূর্ণিমায় প্লাবিত প্রকৃতি
সৌন্দর্যের রুপরস ,নির্মল প্রকৃতি
কৃষ্ণচূড়ার বনে লেগে থাকা আগুন
আমাদের কাছে নয় একই রুপ ফাগুন।
কারণ, আমাদের উপলব্ধির সীমাবদ্ধতা।

যেতে চাও? -মোঃ বদিউজ্জামান

যেতে চাও? যাও, উড়ে উড়ে যাও
যাও যেখানে খুশী চলে যাও
যার কাছে খুশী,যাও চলে যাও,
যখন খুশী যাও চলে যাও।
তবে নিষ্ঠ প্রেমিক হৃদয়
আর খুঁজে পাবে না
হৃদয়ে মৃগনাভ সুগন্ধিও
আর জন্ম নেবে না।
যেতে চাও, যাও,
যাও যেভাবে খুশী
যত দূরে খুশী যাও
মুগ্ধতাময় কিছু ভালোবাসা নিয়ে যাও।
হৃদয় বেঁচে হৃদয়ের হাহাকার
কে কবে পেরেছে মিটাতে?
যেতে চাও যাও তুমি
তোমাকে চাই না আর ফেরাতে।
সুখের প্রজাপতি খুঁজে খুঁজে
কতদূর তুমি যাবে?
সুখের মুক্তো খুঁজে খুঁজে তুমি
আর কতটা কাঙাল হবে?
তবু যেতে চাও যাও
সুখ স্বপ্নের পাখি তুমি খুঁজে পাও
সুখের রঙিন প্রদীপ জ্বেলে
তুমি সুখ সাগরে ভেসে রও।
নীল স্বপ্নের পাখায় উড়ে যাও
দুঃখ বেদনা সব আমাকে দিয়ে যাও
শুধু একটি কথা তুমি ভুলো না
আমার প্রেম ছিল না কোনো ছলনা ।